৫০ লাখ টাকার বিদেশি ওষুধ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফকিরাপুল থেকে ৫০ লাখ টাকার অবৈধ বিদেশি ওষুধ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত রোববার রাত আটটার দিকে এপিবিএনের একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ওষুধ আটক করা হয়।
গতকাল সোমবার এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়কের নেতৃত্বে এপিবিএনের একটি দল রাজধানীর ফকিরাপুলের ‘এ টু জেড কারগো’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রাজু আহম্মেদকে আটক করা হয়। আদালত রাজুকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের সাজা দেন। প্রতিষ্ঠানটির মালিক দেবেশ চন্দ্র তালুকদারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।