৫০ হাজার ইয়াবাসহ নৌকা ও জাল উদ্ধার
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে ৫০ হাজার ইয়াবাসহ একটি নৌকা ও জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়াসংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় একটি নৌকাকে সংকেত দিলে চারজন মাঝিমাল্লা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে নৌকাটিতে তল্লাশি চালালে জালের নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও নৌকাটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে বিজিবি দাবি করেছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।