৫০ হাজার ইয়াবা উদ্ধার, দুই নারীসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ঈদগাহ এলাকার একটি বাসা থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নুরুল আবছার, জাহানারা বেগম ও সুমি বেগম।
পুলিশ জানায়, এর আগে গত মাসে সুমি বেগমের স্বামী নুরুল হুদাকে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাচারের জন্য রাখা ৫০ হাজার ইয়াবা তাঁরা বাসায় লুকিয়ে রেখেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।