৫০ হাজার ইয়াবা উদ্ধারের দাবি বিজিবির
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ওযাবপ্রিয়ার তিন নম্বর স্লুইসগেট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির দাবি, উদ্ধার হওয়া ৫০ হাজার ইয়াবা বড়ির মূল্য প্রায় দেড় কোটি টাকা।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে বলে জানতে পারে বিজিবি। এই তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাত থেকে টেকনাফের চৌধুরীপাড়া, নাজিরপাড়া ও সাবরাং এলাকায় টেকনাফ সদর চৌকির তিনটি দল ওই সব অবস্থান নেয়। ভোররাত চারটার দিকে সাবরাং তিন নম্বর স্লুইসগেট এলাকায় সন্দেহভাজন দুজন লোককে দেখতে পেয়ে বিজিবির জওয়ানরা তাঁদের থামার সংকেত দেয়। এ সময় ওই দুই ব্যক্তি একটি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পাশের গ্রামে পালিয়ে যান। পরে ওই ব্যাগের ভেতর থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।
আবুজার আল জাহিদ বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব ইয়াবা বড়ি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।