৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাবরাংয়ের লেজিরপাড়া এলাকায় টহল দিচ্ছিলেন বিজিবির একদল সদস্য। এ সময় দুজন ব্যক্তিকে থামতে বললে তাঁরা ব্যাগ ফেলে দৌড়ে পাশের গ্রামে পালিয়ে যান। ওই ব্যাগে ৪০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত ১২টার দিকে বিজিবির সদস্যরা সাবরাংয়ের শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বললে তাঁরা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই পলিথিন ব্যাগে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
বিমানবন্দরে ইয়াবা: নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে পুলিশ গতকাল শনিবার ৫ হাজার ৭৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ স্ক্যান করার সময় একটিতে ইয়াবা পাওয়া যায়। কেউ ব্যাগের মালিকানা দাবি করেননি বলে কাউকে আটক করা সম্ভব হয়নি।