৫০ হাজার ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দরে ৫০ হাজার ইয়াবা বড়ি ও পাঁচ লাখ টাকাসহ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাওয়ার্দী আলম রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিনগত রাতে উপজেলার রূপালি আবাসিক এলাকায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এএসআই সোহরাওয়ার্দী আলম রুবেল এর আগে বন্দর থানায় কর্মরত ছিলেন। বন্দর উপজেলার রূপালি আবাসিক এলাকায় দুবাইপ্রবাসী কামরুল ইসলামের একটি ভাড়া ফ্ল্যাটে তিনি বসবাস করেন। মাদক ব্যবসার সঙ্গে রুবেলের সম্পৃক্ততা রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে তাঁর বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় প্রথমে ৪৫ হাজার ইয়াবা বড়ি ও পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার একটি ব্যাগ থেকে আরও পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘৫০ হাজার ইয়াবা ও প্রায় পাঁচ লাখ টাকাসহ এএসআই সোহরাওয়ার্দী আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’