৫০ হাজার টাকা দিয়ে স্বামীকে খুন করান স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনিদের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তিতে স্বামীকে হত্যা করেছেন স্ত্রী। পরিকল্পনামতো ভাড়াটিয়া সেজে বাসায় আসেন খুনিরা। শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান ভাড়াটিয়ারা। ঘটনার দুই মাস আগে বাসা ছেড়ে চলে যান নিহত ব্যক্তির স্ত্রীও। একের পর এক তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। কিন্তু কোনো কূলকিনারা পায়নি পুলিশ। ঘটনার চার বছর পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্লুবিহীন এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে।
হতভাগ্য ওই স্বামীর নাম নুরুল আবছার (৪০)। চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকার নিজ বাসায় তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয় ২০১০ সালের ১১ অক্টোবর। তিনি পদ্মা অয়েল কোম্পানির পিয়ন পদে চাকরি করতেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মো. সোলায়মান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নগরের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্রু প্রথম আলোকে বলেন, পরকীয়া সম্পর্কের জের ধরে স্বামীকে খুন করতে পরিকল্পনা করেন স্ত্রী। পরিকল্পনামতো স্বামীর বাসায় ভাড়াটিয়া সাজিয়ে পাঠান খুনিদের। বাসা ছেড়ে চলে যান স্ত্রীও। বাসায় একা ছিলেন নিহত নুরুল আবছার। সে সুযোগে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। তিন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন চারজন। তাঁদের জবানবন্দিতে উঠে এসেছে হত্যার ঘটনা।
মামলার বাদী নিহত ব্যক্তির ভাই মো. সোলায়মান জানান, তাঁর ভাইকে বাসায় ঢুকে কারা হত্যা করেছে জানতেন না। চার বছর পর হত্যার রহস্য উন্মোচন হয়েছে। দ্রুত বিচারের মাধ্যমে আসামিদের শাস্তি দাবি করেন তিনি।
সিআইডির তদন্তে উঠে আসে, ২০০৬ সালে নগরের একটি কারখানার শ্রমিক বাগেরহাট মোরেলগঞ্জ থানার তাছলিমা তাসুরাকে ভালোবেসে বিয়ে করেন নুরুল আবছার। বিয়ের পর তিনি চাকরির বেতন ও ঘর ভাড়ার টাকা নিজের ইচ্ছেমতো খরচ করায় স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
নিহত আবছারের ভাড়াটিয়া জান্নাতুল ফেরদৌসও এই মামলার অন্যতম আসামি। তিনি আদালতে দেওয়া স্বীকারোক্তিতে উল্লেখ করেন, তাঁর স্বামী কামালের সঙ্গে নিহত আবছারের স্ত্রীর পরকীয়া ছিল। সে জন্য আবছারকে হত্যায় সহযোগিতা করেন তাঁর স্বামী কামাল। পরে জানতে পারেন আবছারের বউ ৫০ হাজার টাকার চুক্তি করেন খুন করতে তাঁর স্বামী কামালের সঙ্গে।
মামলার তদন্ত কর্মকর্তা হ্লা চিং প্রু জানান, নিহত ব্যক্তির আত্মীয় সাইফুলের মুঠোফোনে যে নম্বর থেকে ঘটনার আগে ফোন করা হয়েছিল সেটি নুরুল আবছারের স্ত্রী তছলিমার। মামলাটি সিআইডিতে তদন্তে আসার পর তছলিমার মুঠোফোনের কললিস্ট ধরে ঘটনার ক্লু উদ্ঘাটন হতে থাকে।
হ্লা চিং প্রু আরও জানান, মামলায় তছলিমা তাসুরা, জান্নাতুল ফেরদৌস, সেলিনা বেগম, কবির খলিফা, আকরাম হোসেন, জাহানারা বেগম ও মো. কামালকে আসামি করে গত ২৬ অক্টোবর চট্টগ্রাম আদালতে অভিযোপত্র দাখিল করা হয়েছে। কবির খলিফা ও আকরাম হোসেন আসামিদের পলায়নে সহযোগিতা করায় আসামি করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত তাছলিমা তাসুরা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।