৫০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের সাতকানিয়ায় ৫০ হাজার টাকার জাল নোটসহ মো. রাজিব উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতকানিয়ার শিশুতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান গ্রামে।
পুলিশ জানায়, শিশুতল এলাকায় এক ব্যক্তি পুলিশের একটি টহল দলকে দেখে পাশের বিলের দিকে দৌড় দেয়। পুলিশ ওই ব্যক্তিকে ইয়াবা ব্যবসায়ী ধারণা করে তাঁর পিছু নেয়। কিছু দূর ধাওয়া করার পর রাজিব উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁর পকেট থেকে ৫০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়লাল ঘোষ প্রথম আলোকে বলেন, টাকার জাল নোট রাখার অপরাধে রাজিব উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রাজিব উদ্দিনের সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।