৫০ হাজার টাকার বিরোধে শিশুকে ধর্ষণের পর হত্যা!

টাকা লেনদেনের জেরে নয় বছরের এক শিশুর মায়ের সঙ্গে প্রতিবেশী এক নারীর সঙ্গে বিরোধ ছিল। এ ঘটনার জেরে শিশুটিকে ফুসলিয়ে ডেকে নিয়ে সাতজনে মিলে গণধর্ষণ করেন। বাধা দেওয়ায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার চার দিন পর পাঁচ আসামিকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার এসব তথ্য জানায় পুলিশ।
আসামিরা হলেন বেলাল হোসেন, হাছিবুল ইসলাম, আকসান মিয়া, মো. সুজন ও ১৬ বছর বয়সী এক কিশোর। এলাকায় এঁরা বখাটে হিসেবে পরিচিত। গতকাল বুধবার রাতে নগর, জেলা ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে আকবর শাহ থানার পুলিশ।
নয় বছরের শিশুটি নগরের আকবর শাহ থানার বিশ্বকলোনির বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। গত রোববার রাত ১০টার দিকে ওই এলাকার ‘আয়শা মমতাজ মহল’ নামের একটি ভবনের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা রাবেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন। ঘটনার দিন রাতে ওই ভবনের তত্ত্বাবধায়ক মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ দুপুরে নগরের ডবলমুরিং থানায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক। তিনি সাংবাদিকদের বলেন, শিশুটির মা ছয় মাস আগে তাঁদের প্রতিবেশী শিল্পী বেগম নামের এক নারীকে নিজ জিম্মায় একটি এনজিও সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে দেন। নির্দিষ্ট সময়ের মধে৵ ওই টাকা পরিশোধ না করায় রাবেয়ার সঙ্গে শিল্পীর কয়েক দফায় ঝগড়া হয়। পরে শিল্পীর বখাটে ছেলে বেলালও এ ঘটনায় জড়িয়ে পড়েন। ঘটনার ১০ দিন আগেও শিশুটিকে পথ আটকে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন কর্নেলহাটে মামার দোকান থেকে ফেরার পথে বেলাল তাঁর সহযোগী হাছিবুলকে দিয়ে ফুসলিয়ে শিশুটিকে ওই ভবনে নিয়ে যান। হাছিবুল শিশুটির প্রতিবেশী হিসেবে পূর্বপরিচিত ছিলেন। সরল বিশ্বাসে শিশুটি ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে যায়। ওই ফ্ল্যাটের ভাড়াটে গ্রামের বাড়িতে থাকায় একটি চাবি ছিল ভবনটির তত্ত্বাবধায়ক মনিরের কাছে। তিনি তালা খুলে দেওয়ার পর ওই ফ্ল্যাটে একে একে তাঁরা সাতজন প্রবেশ করেন। পরে সবাই মিলে শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করতে থাকলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
পরে আসামি সুজন শিশুটির লাশ তৃতীয় তলা থেকে নামিয়ে বাসার দ্বিতীয় তলায় সিঁড়ির কাছে রাখেন। পরে যে যাঁর মতো চলে যান।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) নাজমুল হাসান বলেন, গ্রেপ্তার আসামিরা সবাই এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলন শেষে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর মায়ের সঙ্গে টাকা লেনদেনের জেরে পূর্বপরিকল্পনার অংশ হিসেবে শিশুটিকে তারা ধর্ষণ করে হত্যা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী অঞ্চল) পংকজ বড়ুয়া, আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া প্রমুখ।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যায় মোট সাতজন অংশ নেন। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, গ্রেপ্তার পাঁচ আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হয়। তাঁরা শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
আজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিশুটির মা-বাবা। তাঁরা আসামিদের ফাঁসি দাবি করেন।