
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায় গতকাল রোববার অভিযান চালিয়ে প্রায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কিছু ব্যক্তি অভিযানে বাধা দেন। তাঁদের ছোড়া ইটপাটকেলের আঘাতে উচ্ছেদকাজে ব্যবহৃত এক্সকাভেটরের কাচ ভেঙে যায়।
জানা গেছে, গতকাল সকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে আগানগর খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা সেতুর নিচ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী। বেলা সাড়ে ১১টার দিকে আগানগর বাজার এলাকায় স্থানীয় কিছু লোক অভিযানে বাধা দেন। একপর্যায়ে তাঁরা ইটপাটকেল ছোড়েন। এতে উচ্ছেদকাজে ব্যবহৃত এক্সকাভেটরের কাচ ভেঙে যায়। এ সময় পুলিশ বাধাদানকারী ব্যক্তিদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টা উচ্ছেদ কার্যক্রম বন্ধ ছিল।
সওজ সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালানো অভিযানে আগানগর খেয়াঘাট, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচ ও আগানগর বাজার এলাকা থেকে পাকা, আধা পাকা ও ছোট-বড় টিনশেডের ছাপরা, টং ঘরসহ প্রায় ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন সওজের ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আমিনুল এহসান, উপসহকারী প্রকৌশলী ইকবাল হায়াত ও কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক মো. আশিকুজ্জামান।
সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, ‘আমরা দেশের বিভিন্ন অঞ্চলে উচ্ছেদ অভিযান চালিয়েছি। কোথাও এ ধরনের বাধার সম্মুখীন হইনি। কেরানীগঞ্জে উচ্ছেদ অভিযানে শুধু বাধা দেওয়া হয়নি, ইটপাটকেল মেরে উচ্ছেদকাজে ব্যবহৃত এক্সকাভেটরের কাচ ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
সওজ ঢাকা বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আমিনুল এহসান বলেন, কাল (আজ) দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী, চুনকুটিয়া ও জনি টাওয়ার সড়ক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।