৫০০ ইয়াবাসহ সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ১

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা থেকে ইয়াবা, এগুলো তৈরি ও সেবনের সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে নান্দাইল পৌরসভার ভূঁইয়াপাড়া মহল্লা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মো. সাহাব উদ্দিনের বাড়িতে ছিলেন তিনি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু ইউসুফ (২৭)।
আজ সোমবার সকালে নান্দাইল মডেল থানার পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ইউসুফ উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। অভিযানের সময় ইউসুফের কাছ থেকে ইয়াবা তৈরি ও সেবনের সরঞ্জাম এবং ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। তিনি বলেন, অভিযান চলাকালে সেখানে সাহাব উদ্দিন ছিলেন না। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সাহাব উদ্দিন ও আবু ইউসুফকে মামলায় আসামি করা হয়েছে। ইউসুফকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা সরঞ্জাম মামলায় আলামত হিসেবে দেখানো হবে বলে তিনি জানান।