৫০০ একর জমি দখলে নিলেন আ.লীগ নেতারা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আওয়ামী লীগের কয়েকজন নেতা ৫০০ একর পাহাড়ি জমি অবৈধভাবে দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চা ও রাবারবাগান করতে সরকারি ওই জমি ইজারা নেওয়ার জন্য তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছিলেন। কিন্তু আবেদন অনুমোদন হওয়ার আগেই তাঁরা ওই জমি দখলে নিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পাশে জেএল নম্বর ১৫৩ ও ১৬৬-এর অধীন বিভিন্ন দাগে প্রায় এক হাজার ৩৮১ একর জমি আছে। এলাকাটি স্থানীয়ভাবে মুছিকান্দি পূর্ব পাহাড় হিসেবে পরিচিত। ১৯৯৮ সালে বন বিভাগ বনায়নের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসন থেকে এই জমি ইজারা নেয়। ২০০০ সালে ভূমি মন্ত্রণালয় বন বিভাগের ইজারা বাতিল করে। এর পর থেকে প্রশাসন ইজারা দেওয়া থেকে বিরত থাকে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুছিকান্দি পাহাড়ের এক হাজার ৩৮১ একর জমির মধ্যে গত বছরের ২৭ অক্টোবর ৮৮৪ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা পাওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেছে খোয়াই টি এস্টেট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। তৎকালীন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার তা সুপারিশ করে ভূমি মন্ত্রণালয়ে পাঠান। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রজব আলী ও ব্যবস্থাপনা পরিচালক বকুল পাল।
এলাকাবাসীর অভিযোগ, ইজারা পাওয়ার আগেই প্রতিষ্ঠানটির লোকজন ৬ জুলাই মুছিকান্দি পাহাড়ের প্রায় পাঁচ একর জমি দখলে নেন। তাঁরা সেখানে ৩০ ফুট লম্বা ও ১০ ফুট প্রস্থের দুটি একচালা ঘর তৈরি করেছেন। দখলের সময় প্রতিষ্ঠানটির লোকজন তাঁদের নতুন ঘরে মিলাদ আয়োজন করেন। এতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন ওরফে জিতু এবং সাধারণ সম্পাদক ও চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহেরসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জমি দখলের প্রতিবাদে একই দিন বাসুল্লা বাজারে প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারি সম্পদ দখল করার জন্য খোয়াই টি এস্টেট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড গঠন করা হয়েছে। এর পেছনে আওয়ামী লীগের নেতা আকবর হোসেন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরের ইন্ধন রয়েছে। এই জমি তাঁদের দিলে এখানে আশ্রয় নেওয়া ৩০০ ভূমিহীন পরিবার পথে বসবে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বকুল পাল বলেন, তাঁরা ৮৮৪ একর জমি ইজারা পেতে আবেদন করেছেন। বর্তমানে ৩০০ একর জমি তাঁদের দখলে আছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রজব আলী জমি দখলে নেওয়ার কথা স্বীকার করে বলেন, ওই জমি পতিত ছিল। তাঁরা দখলে নেওয়ায় সরকার রাজস্ব পাবে এবং মানুষের কর্মসংস্থান হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন বলেন, গত রোববার মিলাদের দাওয়াত পেয়ে তিনি ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের সেখানে গিয়েছিলেন ঠিকই, তবে এ প্রতিষ্ঠান বা দখলের সঙ্গে তাঁরা জড়িত নন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সফিকুল আলম দাবি করেন, ‘পাহাড়ি জমি দখলের বিরুদ্ধে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।’