৫০০ গাছ কেটে সাবাড়
সাতক্ষীরার কালীগঞ্জে অবস্থিত আঞ্চলিক মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পাঁচ শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। গত সোম ও মঙ্গলবার এসব গাছ কাটা হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দরখাস্ত দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, চিংড়ি চাষের উন্নয়নে উপজেলা সদরের নারায়ণপুর এলাকায় ৮০ বিঘা জমির ওপর ১৯৯২ সালে খুলনা অঞ্চলের আঞ্চলিক মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। এ কার্যালয় এলাকায় গলদা ও বাগদা চিংড়ি চাষের উন্নয়নে হ্যাচারি নির্মাণ এবং প্রশিক্ষণের জন্য আটটি পুকুর খনন করা হয়। এসব পুকুরপাড়ে লাগানো হয় কয়েক শ মেহগনিগাছ। প্রাকৃতিকভাবে জন্মে আরও কয়েক শ নিম ও বাবলাগাছ।
নারায়ণপুর এলাকার জাফারুল্লাহ ইব্রাহিম ও আহম্মদুল্লাহ বলেন, সোমবার দিনভর ও মঙ্গলবার সকালে খামার ব্যবস্থাপক আমিনুর রহমানের উপস্থিতিতে কার্যালয়ের কর্মচারী জাকির হোসেন, আবদুল হামিদ, তত্ত্বাবধায়ক সিদ্দিকুর রহমানসহ ১০-১২ জন শ্রমিক ৫০০ থেকে ৬০০ ছোট-বড় মেহগনি, নিম ও বাবলাগাছ কেটে ফেলেন। মঙ্গলবার দুপুরের পর তাঁরা তড়িঘড়ি করে কেটে ফেলা গাছের একটি বড় অংশ সরিয়ে ফেলেন।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, পুকুরপাড়ে শতাধিক গাছের ডালপালা স্তূপ করে রাখা হয়েছে। তবে গাছের গুঁড়ি দেখা যায়নি। খামার ব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, তাঁকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গাছপালা কেটে পুকুরের পাড় পরিষ্কার করার জন্য বলেছিল। তিনি কয়েকজন শ্রমিককে দিয়ে পরিষ্কার করান। শ্রমিকেরা না বুঝে প্রাকৃতিকভাবে জন্মানো এক থেকে দেড় শ ছোট নিমগাছ কেটে ফেলেন। তিনি বলেন, বনায়ন ও চিংড়ি চাষ একসঙ্গে হয় না।
খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান বলেন, ২৬ ডিসেম্বর সংসদীয় উপকমিটি এ হ্যাচারি পরিদর্শনে আসবে। এ জন্য আগাছা পরিষ্কার করতে বলা হয়েছিল। কোনো গাছ কাটার কথা বলা হয়নি। তিনি আরও বলেন, ৩০০-৪০০ ছোট নিমগাছ কাটা হয়েছে। বড় মেহগনিগাছ কাটা হয়েছে কয়েকটি। ইতিমধ্যে তাঁকে (আমিনুর) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিমুল কুমার সাহা বলেন, মঙ্গলবার তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার সত্যতা পান। তিনি ভারপ্রাপ্ত আঞ্চলিক মৎস্য কর্মকর্তাকে কর্তন করা সব গাছ জব্দ করে তার হিসাব লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। হিসাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।