৫০০ জনকে আসামি করে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় গতকাল শুক্রবার দুপুরে এ মামলা হয়।

মামলায় বিবদমান দুই পক্ষের নেতা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেরামত আলী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার হোসেনকে যথাক্রমে এক ও দুই নম্বর আসামি করা হয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাখইল গ্রামে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিল্লাল হোসেন ও এনামুল হক নামের ২ জন নিহত এবং ১২ জন আহত হন। পুলিশ এ ঘটনায় ওই দিনই কেরামতসহ ১৩ জনকে আটক করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গতকাল দুপুরেই বিল্লাল ও এনামুলের লাশের ময়নাতদন্ত হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, থানার উপপরিদর্শক কমলেশ বাদী হয়ে ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেছেন। বখতিয়ার হোসেন পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।