৫০০ টাকায় সন্তান বিক্রি, পরে ফেরত
সদ্য জন্ম নেওয়া সন্তান আর অসহায় প্রসূতি হামিদা বেগমকে (২৩) ফেলে উধাও হন তাঁর স্বামী। অকূল পাথারে পড়েন এ মা। নিজের দারিদ্র৵ আর অসহায়ত্বের কাছে হার মেনে মাত্র ৫০০ টাকায় এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেন সন্তানকে। কিন্তু থাকতে পারেননি। তাঁর বিলাপে আবার শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেন ওই দম্পত্তি।
সুনামগঞ্জ পৌর শহরের শান্তিবাগ এলাকায় গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ১২ দিন পর আবার মায়ের কোলে ফিরে আসে দেড় মাস বয়সী সুমন।
হামিদা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকার একটি বস্তিতে স্বামী নাসির মিয়াসহ থাকতেন হামিদা। কিন্তু মাস দেড়েক আগে সন্তান জন্ম নেওয়ার পরপরই নাসির নিরুদ্দেশ হন। ছেলে সুমনকে নিয়ে অসহায় হয়ে পড়েন হামিদা। ঘরে খাবার নেই, শরীর অসুস্থ, কাজ করতে পারেন না। একপর্যায়ে বস্তি ছেড়ে শহরের শান্তিবাগ এলাকার পরিচিত মনোয়ার মিয়ার বাড়িতে আশ্রয় নেন তিনি। কিন্তু শিশুটিকে রেখে কাজ করতে না পারায় দিন গুজরান কঠিন হয়ে যায় হামিদার জন্য।
এ অবস্থায় গত ২৬ ডিসেম্বর মনোয়ার মিয়ার আত্মীয় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক নিঃসন্তান দম্পতির হাতে মাত্র ৫০০ টাকায় ছেলেকে তুলে দেন হামিদা। ওই দম্পতি সুমনকে নিয়ে চলে যেতেই অস্থির হয়ে পড়েন হামিদা। ছেলের জন্য দিন-রাত বিলাপ করতে থাকেন। অবশেষে মনোয়ার আলী শিশুটি নিয়ে আসার জন্য ওই দম্পতিকে খবর দেন।
পুলিশের উপস্থিতিতে গতকাল দুপুরে শিশুটিকে আবার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। সন্তানকে বুকে চেপে হামিদা বেগম বলেন, ‘আমি ভুল করছিলাম’।
সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল হক বলেন, ‘একটি শিশুকে নিয়ে ঝামেলা হচ্ছে বলে শুনে আমরা শান্তিবাগে গিয়েছিলাম। পরে শিশুটিকে তাঁর মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া হয়।’