বগুড়া নিউমার্কেটে গত শনিবার সন্ধ্যায় বোমা ফাটিয়ে সোনার দোকান লুটের ঘটনায় মামলা হয়েছে। এতে মোট ৬০০ ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ৩৭১ ভরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লুটের সময় পায়ে গুলিবিদ্ধ হন আল-হাসান জুয়েলার্সের মালিক গুলজার রহমান। চিকিৎসা নিয়ে গতকাল রোববার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তবে এর আগে শনিবার রাতেই অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন তিনি। এজাহারে বলা হয়, দোকানের সিন্দুক ও শোকেস ভেঙে দুর্বৃত্তরা ৫০০ ভরি স্বর্ণালংকার এবং ১০০ ভরি ওজনের ব্রোঞ্জমিশ্রিত স্বর্ণ লুট করে নিয়ে গেছে।
গুলজার রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশ বলেছে তারা ৪ কেজি ৩১৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছে। এর পরিমাণ দাঁড়ায় ৩৭১ ভরি। তাহলে ২২৯ ভরি স্বর্ণালংকার এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। ১ কেজিতে ৮৬ ভরি স্বর্ণ। কিন্তু দুর্বৃত্তরা লুট করেছে ৬০০ ভরিরও বেশি স্বর্ণ। সেই হিসাবে এখনো প্রায় অর্ধেক স্বর্ণ উদ্ধার হয়নি।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, আটক মাইক্রোবাস থেকে যেভাবে বস্তাভর্তি স্বর্ণ পুলিশ পেয়েছে, সেভাবেই হাকিমের উপস্থিতিতে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। পুরো ডাকাত দলকে ধরা গেলে কতটুকু স্বর্ণ খোয়া গেছে, সেটাও জানা যাবে।
শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বগুড়া নিউমার্কেট-সংলগ্ন গোল্ডেন মার্কেটের আল-হাসান জুয়েলার্সে হানা দেয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। এরপর মালিককে গুলি করে পুরো দোকান লুট করে। দুর্বৃত্তদের আরেকটি দল বাইরে সড়কে উপর্যুপরি বোমা ফাটিয়ে মাইক্রোবাসে পালিয়ে যায়। বোমার স্প্লিন্টারে আহত হন দুই পথচারী। পরে শাজাহানপুর থানা-পুলিশ ধাওয়া দিলে রংপুর-ঢাকা মহাসড়কের নয়মাইল এলাকায় মাইক্রোবাস ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে আহত অবস্থায় আটক করা হয় দুর্বৃত্ত দলের এক সদস্যকে।