মধ্য বাড্ডায় অভিযান চালিয়ে গত বুধবার রাতে জাল নোট বেচাকেনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাঁদের কাছ থেকে ৫১ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াছিন কাজী, সোলেমান, জাকির হোসেন ও কাইয়ুম মিয়া। ডিবি সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে ডিবির একটি দল মধ্য বাড্ডার রাস্তা থেকে ৫১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ ইয়াছিন, সোলেমান, জাকির ও কাইয়ুমকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদ নাসের প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জাল নোট প্রস্তুতকারীর কাছ থেকে পাইকারি হিসেবে এসব নোট কিনে নগরীর বিভিন্ন স্থানে বাজারজাত করছিলেন। জাল নোট প্রস্তুতকারী চক্রের নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।