৫২ কোটি টাকা মূল্যের কোকেনসহ পেরুর নাগরিক আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি কোকেনসহ পেরুর এক নাগরিককে আটক করা হয়েছে। এই কোকেনের আনুমানিক দাম প্রায় ৫২ কোটি টাকা বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দাবি করেছে।
আজ মঙ্গলবার ঢাকা কাস্টম হাউস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই কোকেন উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। পেরুর ওই নাগরিকের নাম জেইম বার্গলে গোমেজকে (৫০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে কোকেন বহনের তথ্য দেয়। এর ভিত্তিতেই পেরুর জেইমকে আটক করে তল্লাশি চালানো হয়।
তিনি বলেন, ব্রাজিলের সাওপাওলো থেকে এমিরেটস এয়ারলাইন্সের পিকে-৫৮২ নম্বর ফ্লাইটে করে জেইমের ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু রুট পরিবর্তন করে তিনি আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকায় আসেন।
বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা প্রথম দফায় জেইমের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে কিছুই পাননি। পরে আইডিএআর এর তথ্যের বিষয়টি শুল্ক কর্মকর্তাদের জানানো হলে দ্বিতীয় দফা তল্লাশি চালিয়ে জেইমের পরনে থাকা জ্যাকেট কেটে তার ভেতর থেকে দুই কেজি কোকেন উদ্ধার করা হয়।
জব্দ করা কোকেন বেশ উন্নত মানের দাবি করে তৌফিক উদ্দিন আহমেদ বলেন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা এগুলো পরীক্ষা করেছেন। প্রতি কেজি কোকেনের আন্তর্জাতিক বাজার মূল্য বর্তমানে ২৬ কোটি টাকা। সেই হিসেবে জেইমের কাছ থেকে পাওয়া দুই কোকেনের মূল্য ৫২ কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সোহেল রহমান প্রথম আলোকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কোকেন উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।