৫২ দিন পর গৃহবধূ উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপহরণের’ ৫২ দিন পর আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলার মনিপুর এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধূকে উদ্ধার করেছে ঈশ্বরদী থানার পুলিশ। এ সময় আবদুল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার পুলিশ জানায়, গত ৯ এপ্রিল উপজেলার ওই গৃহবধূ রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। সাহাপুর পাকা রাস্তার মোড়ে হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে তিন অজ্ঞাতনামা যুবক তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। এ ঘটনায় গৃহবধূর ভাই ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা অপহরণকারীর বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে বিভিন্ন সময় অপহরণকারীরা মুঠোফোনে তাঁর ভাইকে ও স্বজনদের কাছে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলোকে জানান, মামলার তদন্তে নেমে প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার ও ঘটনায় জড়িত আবদুল্লাহকে আটক করা হয়।