৫২ লাখ টাকার জাল নোট উদ্ধার, আটক ৩
মিরপুর থেকে ৫২ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত রোববার ডিবির (উত্তর) একটি দল এই জাল টাকা উদ্ধার করে। এ সময় আনোয়ার হোসেন, মো. রুহিন ওরফে তুহিন এবং দেলোয়ার হোসেন নামে তিনজনকে আটক করা হয়।
পুলিশ বলেছে, আনোয়ারের কাছে ২৮টি ১ হাজার টাকার জাল নোট, তুহিনের কাছে ১৩টি ১ হাজার টাকার জাল নোট ও দেলোয়ারের কাছে ১১টি ১ হাজার টাকার জাল নোটসহ ৫২ লাখ টাকার জাল নোট ছিল।
অভিযানে পুলিশের উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম, অতিরিক্ত উপকমিশনার কাজী মো. শফিকুল আলম, সিনিয়র সহকারী কমিশনার মহরম আলী নেতৃত্ব দেন।
গতকাল সোমবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন ঢাকা ও ঢাকার আশপাশের জেলায় জাল টাকা কেনাবেচার কথা স্বীকার করেছেন। ঈদ সামনে রেখে তাঁরা নতুন টাকার সঙ্গে জাল টাকা সহজে চালাতে জাল টাকা তৈরি ও সরবরাহ করেন।