৫২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে টেকনাফ পৌরসভার নতুন জেটি ঘাট এবং ১ নম্বর স্লুইস গেট এলাকা থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

ইয়াবা বড়ি উদ্ধারের একটি ঘটনায় ১৫-১৬ বছর বয়সী দুই কিশোরকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।

বিজিবি সূত্র জানায়, তাদের একটি টহল দল সন্ধ্যার দিকে নাফ নদীর ১ নম্বর স্লুইস গেটের বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে দুজনকে আসতে দেখা যায়। থামার সংকেত দিলে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগের ভেতরে ৪০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

অন্যদিকে, রাত সাড়ে নয়টার দিকে টেকনাফ পৌরসভার নতুন জেটি ঘাটে অবস্থান নেয় বিজিবি। কিছুক্ষণ পর তিন-চারজন সন্দেহভাজন লোককে দেখা যায়। থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা একটি ব্যাগে প্রায় ১২ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ইয়াবা বড়িগুলো ধ্বংস করা হবে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর দুই আসামি পলাতক রয়েছে।