৫৩ কর্মকর্তা-কর্মচারীকে হত্যার হুমকি দিয়ে বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান ও সহ-উপাচার্যের কার্যালয়ের শাখা কর্মকর্তা সোহেল রানাকে মুঠোফোনে এ বার্তা পাঠানো হয়।
এ ঘটনার পর গত শনিবার দুপুরে হান্নান ও বিকেলে রানা বিশ্ববিদ্যালয় থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঢাকা থেকে নম্বরটির কললিস্ট চাওয়া হয়েছে। আশা করছি কললিস্ট পাওয়ার পর হুমকিদাতাদের শনাক্তকরণের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় অভিযুক্তদের ব্যাপারে জানতে চাইলে তিনি আরও বলেন, তাঁরা কেউ-ই জিডিতে অভিযুক্ত কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের নাম উল্লেখ করেননি।
আবদুল হান্নান মুঠোফোনে বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে একটি খুদে বার্তার মাধ্যমে ১০ মার্চের মধ্যে আমাকেসহ বিশ্ববিদ্যালয়ের ৫৩ জন কর্মকর্তাকে পেট্রলবোমা মেরে হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়।’
এ সম্পর্কে মুঠোফোনে সোহেল জানান, ওই খুদে বার্তায় বলা হয়েছে, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আওয়ামী লীগপন্থী ৫৩ জনের নাম তালিকাভুক্ত করা হলো। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত অভিযান চলবে। পেট্রলবোমা, ককটেল এবং সরাসরি গুলি করে তাঁদের মারা হবে।’ এরপর বলা হয়, ‘আপনিও প্রস্তুত থাকবেন। প্রতিদিন তওবা পড়ে অফিসে আসবেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ।’
এ ব্যাপারে ছাত্রশিবিরের ঝিনাইদহ জেলা শাখার সহসভাপতি শাহজালাল হোসেন মুঠোফোনে বলেন, ‘যে নম্বরটি থেকে এসএমএস এসেছে, সেটি আমাদের সংগঠনের কারও নয়। এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের হল ও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও কার্যালয় খোলা আছে। ধারণা করা হচ্ছে, প্রশাসনিক কার্যক্রম বন্ধ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান তিনি।
ছাত্র নিহত হওয়ার ঘটনার জের ধরে গত বছরের ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা প্রায় ৩৪টি বাস আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার পর ১ ডিসেম্বর থেকে এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত টানা ৩৭ দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়। ৭ জানুয়ারি খুললেও এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), সহ-উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসে যাতায়াত করছেন।