৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোর সন্দেহে পাঁচ গরু ব্যবসায়ীসহ ছয়জনকে গণপিটুনি দেওয়ার ঘটনায় ৫৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পিটুনির শিকার ব্যবসায়ী আবদুল গাফ্ফার গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গা থানায় মামলাটি করেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন এজাহারভুক্ত আসামি ইনামুল হক (৪৫) ও আমজাদ হোসেন (৩৮)। আমজাদ হোসেন ও প্রতিবেশী রেজাউল হকের গরু চুরির অভিযোগে গত শনিবার ভোররাতে ভদুয়া গ্রামের যমুনা মাঠে ছয়জনকে গণপিটুনি দেওয়া হয়। এই ছয়জন হলেন দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের বড় দুধ পাতিলা গ্রামের আবুল কালাম (৪৫), মোহাম্মদ সাহেব (৪৫), আবদুল গাফ্ফার (৩০), মো. ইনতাজুল হোসেন (৩০) ও তাঁর শ্বশুর উজিরপুর গ্রামের খাকছার মণ্ডল (৫০) এবং ট্রাকচালক শামীম (২৫)।
ওই গ্রামে গিয়ে জানা যায়, গণপিটুনি দেওয়ার সময় ছয়জনের কাছ থেকে ৫ লাখ ৯০ হাজার ৭০০ টাকা ও ছয়টি মুঠোফোন সেট ছিনিয়ে নেয় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির শিকার ছয়জনকে উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
ভুক্তভোগী ব্যক্তিদের তাঁদের পরিবার ও এলাকার জনপ্রতিনিধিরা প্রতিষ্ঠিত গরু ব্যবসায়ী দাবি করলে জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ সরেজমিনে তদন্তের পর নির্যাতিত ব্যক্তিদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।