নারায়ণগঞ্জ নগরের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেডের ৫৪ কোটি টাকার অস্থাবর সম্পদ লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস লিমিটেড শেয়ারহোল্ডার স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন ২২ এপ্রিল জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে এ অভিযোগ করেন।
মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, হাইকোর্ট জেলা প্রশাসককে ‘নিরপেক্ষ চেয়ারম্যান’ করে সব বৈধ শেয়ারহোল্ডারের উপস্থিতিতে ২০১৩ ও ২০১৪ সালের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশ দেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক চলতি বছরের ১১ এপ্রিল তাঁর কার্যালয়ে সাধারণ সভা ডাকলে সন্ত্রাসীরা সাধারণ শেয়ারহোল্ডারদের জেলা প্রশাসকের কার্যালয়েই মারধর করে। সভায় নিট কনসার্ন গ্রুপের মালিক জয়নাল আবেদীন মোল্লা যে ৩৮২টি শেয়ার কেনার দাবি করেন, জয়েন্ট স্টক কোম্পানি থেকে তার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। তাই জেলা প্রশাসক সেদিনের সভা স্থগিত করেন। সভা শেষে ফেরার পথে জয়নাল আবেদীন মোল্লা ও তাঁর ছোট ভাই মনির হোসেন মোল্লা ওরফে মনার ক্যাডার বাহিনী নিরীহ শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালায়। হাইকোর্ট জেলা প্রশাসককে নিরপেক্ষ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পরও সন্ত্রাসী হামলা বন্ধ হয়নি।
মোহাম্মদ হোসেন আরও অভিযোগ করেন, নিরপেক্ষ চেয়ারম্যান দায়িত্বে থাকাকালেও জয়নাল মোল্লা গং মিলসহ গুদামে রক্ষিত মালামাল ও স্থাপনা ভেঙে লুট করে নিয়ে যাওয়া অব্যাহত রেখেছে। ইতিমধ্যে মিলের সব মেশিন, স্থাপনা ভেঙে বিক্রি করা হয়েছে। এসবের আনুমানিক মূল্য ৫৪ কোটি ৮৫ লাখ টাকা।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নিট কনসার্ন গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্লার মুখপাত্র সুভাষ সাহা বলেন, এসব বিষয়ে কারও কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা করবে।