৫৫ হাজার ইয়াবা বড়িসহ চারজন আটক
বাড়ি কক্সবাজারে। চোরাচালানের মাধ্যমে সীমান্তের ওপারের মিয়ানমার থেকে আনা ইয়াবা বড়ি দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতেন। পরে দেশেই ইয়াবা বড়ি তৈরির কারখানা করার পরিকল্পনা করেন। তবে ওই কারখানা করার আগেই আবদুল্লাহ জুবায়ের নামের ওই যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র এসব কথা জানিয়েছে।
রাজধানীর খিলগাঁও থেকে গত রোববার সন্ধ্যায় জুবায়েরসহ চারজনকে আটক করে ডিবি পুলিশ। তাঁদের সঙ্গে ছিল সাড়ে ৫৫ হাজারটি ইয়াবা বড়ি এবং ইয়াবা তৈরির যন্ত্রাংশ। আটক অন্য তিনজন হলেন আইয়ুব আলী (৪৫), শামসুল আলম (২৪) ও মোস্তাকিন হোসেন (৩২)। এই অভিযানে নেতৃত্ব দেন ডিবির সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান।
গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি পাজেরো জিপে করে ইয়াবার এই বিশাল চালান জুবায়ের গুলশানের নিকেতনে তাঁর ফ্ল্যাটে নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে সড়কে মাইক্রোবাস দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে এই চারজনকে জিপটিসহ ধরা হয়। তবে তাঁদের এক সঙ্গী মুরাদ (৩২) পালিয়ে যান। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, জুবায়ের প্রতি মাসে তিন-চারটি চালান কক্সবাজার থেকে ঢাকায় আনতেন। চাহিদা বেশি হলে কোনো কোনো মাসে চালানের সংখ্যাও বাড়ত। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী তিনি প্রায় তিন বছর ধরে ইয়াবা চোরাচালান এবং বিক্রি করছেন। প্রতিটি ইয়াবা বড়ি বিক্রি করে তাঁর লাভ হতো ৫০ টাকার মতো। এই ব্যবসায় অল্প দিনেই তিনি বিপুল অর্থের মালিক হন। নিকেতনে দুটি ফ্ল্যাট কেনেন। এই ফ্ল্যাটেই তিনি ইয়াবা বড়ি তৈরির কারখানা করার পরিকল্পনা করেন। এ জন্য ২০ লাখ টাকায় মিয়ানমার থেকে মেশিনও কিনে আনেন।
জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, কাঁচামাল আনলে ঝুঁকি কম, লাভ বেশি। তাই রাজধানীতে ইয়াবার কারখানা গড়তে চেয়েছিলেন জুবায়ের। ইয়াবা বড়ি তৈরির কৌশল শিখতে লোকজন আনার পরিকল্পনা ছিল বলেও জুবায়ের ডিবিকে জানিয়েছেন।
ডিবি সূত্র জানায়, চট্টগ্রাম নগরের দামপাড়ায় জুবায়েরের বাবার একটি বহুতল ভবন রয়েছে। ভারতের দার্জিলিংয়ে পড়াশোনা করতেন জুবায়ের। তবে মাদকাসক্ত হয়ে পড়ায় উচ্চমাধ্যমিক পাস করে পড়াশোনা ছেড়ে দেন। তিনি বাবা-মায়ের একমাত্র ছেলে। তাঁর তিন বোনের মধ্যে দুজন কাতারে এবং একজন দুবাইয়ে বসবাস করেন।