৫৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আসাদুল (২৫) ও আবদুল আলী (৬০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাতে পৌর সদরের দিগদাইর বাগপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আবদুস শহীদের বাড়িতে মাদক রয়েছে—এমন খবর পেয়ে পৌর সদরের দিগদাইর বাগপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই শহীদ তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে শহীদের বাড়ির রান্নাঘরের মেঝে এবং ঘরের পাশে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রামভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর পৃথক অভিযানে একই এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ আসাদুল (২৫) ও আবদুল আলী (৬০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তার দুই আসামিকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।