ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৭ কর্মকর্তার কাছে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) পরিচয় দিয়ে মুঠোফোনে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়।
গত সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের ফোন করে এই চাঁদা দাবি করা হয়। এ ঘটনার পর মিলের ওই কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চিনিকলের সহ-ব্যবস্থাপক (ভান্ডার) বিশ্বাস আবদুর রাজ্জাক বলেন, সোমবার বিকেল পাঁচটা তিন মিনিটে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সামরিক কমান্ডার মোজাম আলী পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর মুঠোফোনে ফোন করে চাঁদা চায়। চাঁদা না দিলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। বিষয়টি তিনি মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে জানাতে গেলে তাঁর (দেলোয়ার) কাছেও একইভাবে চাঁদা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এভাবে কৃষি ব্যবস্থাপক মোশারফ হোসেন, ব্যবস্থাপক (প্রশাসন) শহিদুল ইসলাম, সহ-ব্যবস্থাপক আশেকুজ্জামান, সহ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) মাসুদ রেজাসহ ৫৭ জন কর্মকর্তার কাছে মুঠোফোনে চাঁদা দাবি করা হয়।
বিশ্বাস আবদুর রাজ্জাক আরও বলেন, ঘটনার আগে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালককে একজন ফোন করেন। তিনি তাঁর কাছ থেকে মিলের সব কর্মকর্তার নাম ও মুঠোফোন নম্বর জানতে চান। নম্বর দেওয়ার পর বিকেল চারটার পর থেকে ওই সব কর্মকর্তার মুঠোফোনে চাঁদা চেয়ে ফোন আসতে থাকে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হবে।
গত এক সপ্তাহে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে কয়েকজনের কাছে চাঁদা দাবি করা হয়। তবে অভিযোগ আছে, ঘটনাগুলোর পর থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মিল কর্তৃপক্ষ এখনো থানায় অভিযোগ দেয়নি। দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।