৫৭ ধারার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সাংসদের সঙ্গে এক নারীর ছবি জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। এ ছাড়া লালমনিরহাটে এক ব্যক্তির বিরুদ্ধে একই ধারায় মামলা করেছেন একজন মুক্তিযোদ্ধা।

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে মামলাটি করেছেন স্থানীয় সাংসদ এনামুল হকের একান্ত ব্যক্তিগত সহকারী ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। অভিযোগ, এক নারীর ছবি ওই সাংসদের সঙ্গে জড়িয়ে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সাবেক এই ছাত্রলীগ নেতা।

পুলিশ জানায়, উপজেলার চানপাড়া গ্রামের মুদি দোকানি নুরুল ইসলাম তাঁর ফেসবুক আইডি থেকে আপত্তিকর বক্তব্যসহ গত মঙ্গলবার একটি ছবি পোস্ট করেন। ছবিতে সাংসদ এনামুল হকের সঙ্গে জড়িয়ে এক নারীর ছবি যোগ করা হয়। ছবিটি পোস্ট করার পর এলাকায় ব্যাপক আলোচিত হয়। বিষয়টি জানাজানি হলে তাঁর পোস্টের স্ক্রিনশট নিয়ে সাংসদের এপিএস বাগমারা থানায় এসে মামলা করেন। পরে চানপাড়ার বঙ্গবন্ধু কমপ্লেক্স এলাকায় নিজের মুদি দোকান থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, এর কয়েক ঘণ্টা আগে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একই ধরনের পোস্ট করেন তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তবে কয়েক মিনিটের মধ্যে তা প্রত্যাহার করে নেন। দলীয় নেতা-কর্মীরা বলেন, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদের সঙ্গে সাংসদ এনামুল হকের রাজনৈতিক বিরোধ রয়েছে। আজাদ এবার দলের মনোনয়ন চেয়ে প্রচারণা চালাচ্ছেন।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেছেন, এ ঘটনার সঙ্গে অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সোমবার রাতে লালমনিরহাটে ওয়ালিউর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৫৭(২) ধারায় মামলা করেছেন মেজবাহ উদ্দিন আহমেদ নামের এক মুক্তিযোদ্ধা। ফেসবুকে বাদীর বিরুদ্ধে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য প্রকাশ করার অভিযোগে এ মামলা করা হয়।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলাকালে মেজবাহ উদ্দিনের কাছ থেকে বিভিন্ন অবৈধ সুযোগ-সুবিধা চেয়ে ব্যর্থ হয়ে আসামি তাঁর নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ জুলাই সন্ধ্যায় মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য পোস্ট করে।

লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উদয় কুমার মণ্ডল বলেন, তদন্তের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওয়ালিউর রহমান ওরফে রাজু বাসায় না থাকায় এবং মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।