৫৭ ধারায় করা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
নড়াইলের লোহাগড়া থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় ছাত্রলীগ নেতার দায়ের করা একটি মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ছবি বিকৃত করে ফেসবুকে প্রচার ও শেয়ার করার অভিযোগে নড়াইল জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ ছগির উদ্দিন বাদী হয়ে গত বুধবার রাতে এই মামলা করেন। মামলায় দুজনকে আসামি করা হয়। তাঁদের একজন লোহাগড়া পৌর ছাত্রদলের সহসভাপতি লেলিন খানকে (২২) পুলিশ রাতেই গ্রেপ্তার করে। অপর আসামি এক নারী।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় কারও বিরুদ্ধে মামলা গ্রহণের আগে পুলিশ সদর দপ্তরের অনুমতি নেওয়ার ব্যাপারে সম্প্রতি এক নির্দেশনা জারি করা হয়। লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, লেলিনকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, এক নারীর ফেসবুক আইডি থেকে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ছবি বিকৃত করে তা প্রচার করা হয়। লেলিন খান ওই ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন।