৫৭ ধারায় প্রথম আলোর হাজীগঞ্জ প্রতিনিধিসহ দুজনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোর হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান ও মুক্তিযোদ্ধা মোজাম্মেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দুটি মামলা হয়েছে। চাঁদপুরের শাহরাস্তির একটি বিচারিক আদালতে একই অভিযোগে পরপর দুটি মামলা করা হয়।
মামলার বাদীরা হলেন শাহরাস্তি উপজেলার নিজমেহার এলাকার আনোয়ার হোসেন ও হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা এলাকার শিক্ষক মো. ফরহাদ হোসেন। আনোয়ার হোসেন গত রোববার ও ফরহাদ হোসেন গত ১৬ মে মামলা করেন।
মামলার এজাহারে তাঁরা বলেছেন, প্রথম আলোয় গত ১৬ মে ‘হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদপুর-৫ আসনের সাংসদ সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের অবহেলায় হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই–বাছাই কার্যক্রম সম্পন্ন হয়নি। এতে করে স্থানীয় মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক ও জনগণ মর্মাহত ও বিক্ষুব্ধ হয়েছেন।
জানতে চাইলে হাজীগঞ্জের মো. ফরহাদ হোসেন বলেন, ‘সংসদ সদস্যের পক্ষে এই মামলা করা হয়। কারণ এই সংবাদে আমাদের সাংসদকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।’ তবে আনোয়ার হোসেন কোনো কথা বলতে রাজি হননি।
প্রথম আলোর হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘মুক্তিযোদ্ধা মোজাম্মেল হায়দার চৌধুরী হাইকোর্টে মুক্তিযোদ্ধা যাচাই–বাছাই নিয়ে রিট করেছিলেন। সেই প্রেক্ষাপটে তাঁর বরাত দিয়ে আমি প্রতিবেদনটি লিখি। কাউকে হেয় করা আমার উদ্দেশ্য ছিল না।’ তিনি আরও বলেন, সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম এ নিয়ে কোনো প্রতিবাদ করেননি।
শাহরাস্তির বিচারিক আদালত পুলিশকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। শাহরাস্তি থানার পরিদর্শক (তদন্ত) নুর হোসেন মামুন বলেন, ‘এ বিষয়ে এখনো আদালত থেকে আমরা কিছু পাইনি।’ হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের চাপে মামলা নিয়েছেন।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার অযথা সাংবাদিককে যেন হয়রানি করা না হয় সে ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে বলেছেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেলিম আকবর বলেন, ৫৭ ধারা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে মামলা নেওয়ার আগে বিষয়টি যাচাই–বাছাই করার প্রয়োজন ছিল।