৫৮ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
পুরান ঢাকার চক মুগলটুলি এলাকার গাউছিয়া মার্কেটে অভিযান চালিয়ে প্রায় ৫৮ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ কোস্টগার্ড, জেলা প্রশাসন ঢাকা ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ উদ্যোগে আজ বুধবার এই আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। তিনি প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে এই মার্কেটটি নজরদারি করছিল কোস্টগার্ড। পরে সকালে এই মার্কেটের বিভিন্ন তলায় অভিযান চালানো হয়। এ সময় আটটি দোকান থেকে ২৯৭ বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও জব্দ করা হয়। এই কারেন্ট জালের দৈর্ঘ্য প্রায় ২ কোটি ৮৮ লাখ মিটার। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে কোস্টগার্ডের লেফটেন্যান্ট সাখাওয়াত কবির ও সাব লেফটেন্যান্ট মমতাজুল আসিফ, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর ও মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কাশেম উপস্থিত ছিলেন।