৫৮ ঘণ্টা পর খোঁজ মিলল নর্থ সাউথের শিক্ষার্থীর

নিখোঁজ হওয়ার ৫৮ ঘণ্টা পর গত বুধবার রাত একটার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন আকিবের সন্ধান মিলেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জুনায়েদ তাঁর এক আত্মীয়কে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।
জুনায়েদের গাড়ির চালক মোহাম্মদ মোস্তফাকেও পাওয়া গেছে। একই রাতে চট্টগ্রাম শহরতলির টোল সড়ক এলাকায় তাঁকে কে বা কারা চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়ে গেছে। তিনি কুসুমবাগের বাসায় ফেরার পর পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
গতকাল দুপুরে চট্টগ্রাম নগর পুলিশ কার্যালয়ে মোহাম্মদ মোস্তফাকে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তাঁকে ও জুনায়েদকে একটি মাইক্রোবাসে তুলেই চোখ বেঁধে ফেলা হয়। তবে তারা কারা ছিল, তিনি চিনতে পারেননি। জুনায়েদ ও তাঁকে আলাদা দুটি কক্ষে রাখা হয়েছিল। তাঁর ঘরটি ছিল অন্ধকার। তবে তাঁকে কোনো ধরনের মারধর করা হয়নি। এমনকি কেউ কিছু জিজ্ঞাসও করেনি। পুলিশ সূত্র জানায়, মোহাম্মদ মোস্তফাকে হেফাজতে নিয়ে খুলশী থানা-পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি পুলিশের হেফাজতেই ছিলেন।
জুনায়েদের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তাঁর ভগ্নিপতি এস এম আবুল মঞ্জুর বলেন, ‘রাত আনুমানিক একটায় জুনায়েদের মোবাইলে কল দিয়েছিলাম। প্রথম দুবার সে কল ধরেনি। তৃতীয়বার ধরে। তখন তাকে বেশ বিধ্বস্ত মনে হয়েছে।’ এরপর রাতেই তাঁরা ঢাকায় আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন। জুনায়েদকে কাছের কোনো এক আত্মীয়র বাসায় উঠতে বলেন তাঁরা।
আবুল মঞ্জুর বলেন, প্রথম দফায় কথা বলার সময় জুনায়েদ নারায়ণগঞ্জের সীমান্তবর্তী জায়গায় ছিল। এর কিছুক্ষণ পর বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছাকাছি চলে যায়। অন্ধকার জায়গায় ছেড়ে দেওয়ায় সেখানকার অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছিল না জুনায়েদ। পরে পুলিশ তাঁর মুঠোফোনের মাধ্যমে অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তাঁদের জানায়।
গত সোমবার বেলা তিনটার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ব্যক্তিগত গাড়িতে করে নিজ বাসা খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকায় ফেরার পথে গরীবুল্লাহ শাহ মাজারের কাছ থেকে জুনায়েদ নিখোঁজ হন। তাঁর সঙ্গে গাড়িচালক মোহাম্মদ মোস্তফারও খোঁজ মিলছিল না। এ ঘটনায় এদিন রাতেই জুনায়েদের পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সন্ধ্যায় খুলশীর ডায়াবেটিক হাসপাতালের কার পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় জুনায়েদের গাড়িটি পাওয়া যায়।
জুনায়েদ বিএনপির সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার আপন ভাতিজা। তাঁর বাবা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও আওয়ামী লীগের সমর্থক ছিলেন। গত ফেব্রুয়ারিতে তিনি মারা যান।