৫৮টির তালিকা দিল সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে তিন দফায় উচ্ছেদ অভিযানের পর গত সপ্তাহে সিটি করপোরেশন বলেছিল, নগরে আর কোনো অবৈধ বিলবোর্ড নেই। কিন্তু এর মধ্যেই নিজেদের জায়গায় ৫৮টি অবৈধ বিলবোর্ড চিহ্নিত করে সেগুলো উচ্ছেদ করতে বলেছে সেনাবাহিনী। এরপর সেগুলো নামানোর জন্য নোটিশ দিয়েছে করপোরেশন। অভিযোগ আছে, অভিযানের সময় যুবলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতাদের অবৈধ বিলবোর্ডগুলো উচ্ছেদ করা হয়নি।
বিলবোর্ড উচ্ছেদে সেনাবাহিনীর চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক। গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনীর চিঠি আমরা পেয়েছি। এসব বিলবোর্ড দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছি। তারা সরিয়ে না নিলে সেগুলো উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নগরের টাইগারপাস, কাজীর দেউড়ি, লালখান বাজার এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে গত ১৬, ১৭ ও ২৫ নভেম্বর অভিযান চালায় সিটি করপোরেশন ও নগর পুলিশ। এরপর ৩ ডিসেম্বর করপোরেশনের পক্ষ থেকে জানানো হয় নগরে আর কোনো অবৈধ বিলবোর্ড নেই।
সূত্র জানায়, সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের জায়গায় অবৈধ বিলবোর্ড আছে উল্লেখ করে করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। ৪ ডিসেম্বর করপোরেশন চিঠিটি পেয়েছে। সেনানিবাসের স্টেশন কমান্ডারের পক্ষে এই চিঠি দেন মেজর মো. রফিকুল ইসলাম। এতে সেনাবাহিনীর জায়গায় থাকা ৫৮টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করার অনুরোধ জানানো হয়।
মেজর মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নগরের কোতোয়ালি থানার পুরাতন সেনানিবাস এলাকায় বেশ কিছু বিলবোর্ড লাগানো হয়েছে। এগুলো স্থাপনে আমাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। এখন নিয়ম মোতাবেক অবৈধ বিলবোর্ডগুলো উচ্ছেদ করার জন্য সিটি করপোরেশনকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি।’
সেনাবাহিনী নগরের কোন কোন এলাকায় অবৈধ বিলবোর্ড রয়েছে তাঁর একটি তালিকাও সিটি করপোরেশনকে দিয়েছে। তালিকা অনুযায়ী, নগরের টাইগার পাসের পুলিশ বক্সের সামনের খালি জায়গায় দুটি বিলবোর্ড রয়েছে। ইস্পাহানি মোড় থেকে ওয়াসা মোড়ের সড়ক বিভাজকে সাতটি, একই সড়কের পূর্ব পাশের ফুটপাতে আটটি, ইস্পাহানি মোড় থেকে কাজীর দেউড়ি মোড় পর্যন্ত সড়ক বিভাজকে সাতটি বিলবোর্ড ও ২০টি সাইনবোর্ড (মেগাসাইন), কাজীর দেউড়ি মোড়ের সার্কিট হাউস প্রান্তের ফুটপাতসংলগ্ন জায়গায় তিনটি, ইস্পাহানি মোড় থেকে কাজীর দেউড়ি মোড় পর্যন্ত দক্ষিণ পাশের ফুটপাতে ছয়টি, আলমাস সিনেমা মোড়ের উত্তর প্রান্তে দুটি, কাজীর দেউড়ি মোড় থেকে জুবিলী রোড পর্যন্ত একটি এবং ইস্পাহানি মোড়ের পিটস্টপ রেস্তোরাঁর সামনে একটি বিলবোর্ড রয়েছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর জায়গা স্থাপন করা এসব বিলবোর্ডের মালিকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও সদস্য সনৎ বড়ুয়া ও নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলম। এ ছাড়া অ্যাডওয়ে, এসআর অ্যাড পাবলিসিটি, গার্ডেন একটিভিশন নামের প্রতিষ্ঠানের বিলবোর্ড রয়েছে এসব এলাকায়।
জানতে চাইলে যুবলীগ নেতা মহিউদ্দিন বলেন, ‘অবৈধ বিলবোর্ড থাকলে সরিয়ে ফেলুক, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই।’
তবে এসআর অ্যাড পাবলিসিটির মোহাম্মদ আলী দাবি করেন, তাঁরা করপোরেশন থেকে অনুমোদন নিয়েই বিলবোর্ড স্থাপন করেছিলেন। তবে তিনি বলেন, ‘অনুমোদন বাতিল করে একটি চিঠি দিয়েছে করপোরেশন। যেহেতু সেনাবাহিনীর জায়গা, তাই নিজ উদ্যোগে সরিয়ে নেব।’
এসব এলাকায় অভিযান পরিচালনা করা হলেও অবৈধ বিলবোর্ডগুলো কেন উচ্ছেদ করা হয়নি জানতে চাইলে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘করপোরেশনের রাজস্ব বিভাগ থেকে দেওয়া বৈধ বিলবোর্ডের তালিকায় ওই বিলবোর্ডগুলো ছিল। তাই উচ্ছেদ করা হয়নি। আর কোনটি বৈধ বিলবোর্ড, কোনটি অবৈধ—এ ব্যাপারে ভালো বলতে পারবেন প্রধান রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব বিভাগের লোকজন।’