৫৯৮ জনের তালিকা কমিশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে মানব পাচারের শিকার হয়ে নিখোঁজ ৫৯৮ জন বাংলাদেশির একটি তালিকা জাতীয় মানবাধিকার কমিশনে জমা দিয়েছে এশিয়ার অভিবাসী বিষয়ক বেসরকারি সংগঠনগুলোর জোট কারাম এশিয়া। একই সঙ্গে পাচারের শিকার হয়ে বিভিন্ন দেশে আটক থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হতে কমিশনের কাছে আবেদনও করা হয়েছে।
গতকাল রোববার কারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়কারী হারুন আল রশিদ মানবাধিকার কমিশনে এই তালিকাসহ একটি আবেদনপত্র জমা দেন। এ সময় নিখোঁজ থাকা ১২ জনের পরিবারের সদস্য এবং এ দেশের কয়েকটি মানবাধিকার ও অভিবাসনবিষয়ক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হারুন আল রশিদ প্রথম আলোকে বলেন, এ দেশ থেকে কত নৌকা সমুদ্রপথে রওনা হয়েছিল, কত নৌকা নিরাপদে পাড়ি দিতে পেরেছে, কতজন মারা গেছেন, তার কোনো প্রকৃত হিসাব পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে রাষ্ট্র বা সরকারের তরফ থেকেও কোনো উদ্যোগ নেই। তাই এ দেশের কয়েকটি সংগঠনের সহায়তায় কারাম এশিয়া নিখোঁজদের ব্যাপারে স্বজনদের কাছে তথ্য চেয়ে গত সোমবার কয়েকটি হটলাইন (মুঠোফোন) চালু করে। ওই ফোন নম্বরগুলো গণমাধ্যমে প্রকাশ করার পর গত এক সপ্তাহে নিখোঁজ ৫৯৮ জনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে।
ক্যারাম এশিয়ার এই কর্মকর্তা জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থাইল্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কিছু নিখোঁজ ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী সংঘবদ্ধ কিছু মানব পাচারকারীর ব্যাপারে মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, তাঁদের ধারণা নিখোঁজ বাংলাদেশির সংখ্যা আরও অনেক বেশি হবে। তাই এখনো যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদের স্বজনদের কারাম এশিয়ার চালু করা হটলাইনে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন। হটলাইন: বাংলাদেশে ০১৯৮৪৭৬৬৩৪৬, ০১৯৮৪৭৬৬৩৪৭, ০১৯৮৪৭৬৬৩৪৮, মালয়েশিয়ায় +৬০১৬৯৪১০৯৫২, +৬০১৪৩২৩৯১৪৬; E-mail: [email protected]