৬ আসামি, ১ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় গতকাল সোমবার বিকেলে আসামিবাহী লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, আসামিসহ সাতজন নিহত ও কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। দায়িত্বে অবহেলার জন্য শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

নিহত ব্যক্তিরা হলেন পুলিশের কনস্টেবল মোস্তফা কামাল (৪৫), গাজীপুরের রাজেন্দ্রপুরের আমীর আলীর ছেলে আসামি মোমিন উদ্দিন (৩০), আসামি শ্রীপুর উপজেলার দাইবারটেক গ্রামের আবদুল হামিদের ছেলে সোহেল রানা (২৫) ও উপজেলার সাতখামাইরের দুর্লভপুর গ্রামের আলী আকবরের ছেলে মানিক মিয়া (২৮), আসামি মো. মাসুদ মিয়া (৩০), সুরুজ মিয়া (৩৮)। অপরজনের নাম জানা যায়নি।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে পুলিশের থানা রয়েছে ছয়টি। সবগুলো থানাতেই গাড়ির স্বল্পতা রয়েছে। আসামি গাজীপুর আদালতে আনা-নেওয়ার জন্য চাহিদামতো প্রিজন ভ্যান পাওয়া যায় না। এ অবস্থায় রাস্তায় চলা অবৈধ লেগুনাই পুলিশের একমাত্র ভরসা। প্রতিদিন গাজীপুরের বিভিন্ন থানায় কমপক্ষে ২৫টি লেগুনা পুলিশের দায়িত্ব পালনের জন্য রিকুইজিশন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর থানা-পুলিশ গত রোববার দিবাগত রাতে বিভিন্ন মামলার আসামি ধরতে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার করা হয় বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে। গতকাল দুপুরে শ্রীপুর থানা-পুলিশ একটি লেগুনায় (মৌলভীবাজার-চ-১১-০০২৪) ১৩ জন আসামিকে ওঠায় গাজীপুর আদালতে নেওয়ার জন্য। এ ছাড়া ওই লেগুনাতেই ছিলেন এক পুলিশ কর্মকর্তা ও পাঁচ কনস্টেবল। তাঁরা হলেন শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরে আরশাদ, কনস্টেবল মোশাররফ, আনোয়ার, জুলহাস উদ্দীন, আবদুল মান্নান, মোস্তফা কামাল। পুলিশ ও আসামিদের লেগুনাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের পোড়াবাড়ী মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি মহাসড়কের ওপরে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশ ও আসামিসহ ছয়জন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহত হন কমপক্ষে ১৩ জন। পরে আশপাশের লোকজন হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার খবর পয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ হতাহতদের দেখতে হাসপাতালে যান।

নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পোড়াবাড়ী এলাকার বাসিন্দা ও কলেজছাত্র তারেক মাহমুদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি চার লেনে উন্নীত হওয়ায় রাস্তার মাঝে সড়ক বিভাজক তৈরি করা হয়েছে। কিন্তু শালনা এলাকায় রেল উড়ালসড়ক থেকে ময়মনসিংহের দিকে সড়কের পশ্চিম পাশে রাস্তার কিছু কাজ চলছে। যে কারণে ওই স্থানে ঢাকার দিকে যাওয়ার লেন দিয়েই দুই দিকের গাড়ি চলাচল করছে। আর ওই স্থানটিতে সড়ক দুর্ঘটনা ঘটেছে।

ওই এলাকার ব্যবসায়ী মো. সোলায়মানের ভাষ্য, লেগুনার চালকটির অসতর্কতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। ধারণা করা হচ্ছে, লেগুনার চালক সামনে থেকে আসা কাভার্ড ভ্যানটিকে দেখতে পাননি।

ওসি প্রত্যাহার, তদন্ত কমিটি: গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ প্রথম আলোকে জানান,আসামিদের লেগুনার মাধ্যমে আদালতে নেওয়ার উদ্যোগ নিয়ে শ্রীপুর থানার ওসি দায়িত্বে অবহেলা করেছেন। এ কারণে ওসি মোতালেব মিয়াকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার তদন্তে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।