৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হালিশহরে একটি বাসা থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ‘জঙ্গি’ সন্দেহে গ্রেপ্তার চারজনসহ ছয়জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় র্যা ব-৭ চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. গোলাম রব্বানী বাদী হয়ে হালিশহর থানায় এ মামলা করেন।
র্যা ব-৭-এর সহকারী পরিচালক শাহেদা সুলতানা জানান, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
গত শনিবার সকালে নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকের ১ নম্বর লেনের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ১৫০ কেজি বিস্ফোরক, ৭৬টি তাজা বোমা, ৩০ ধরনের বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও বিভিন্ন সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করে র্যা ব। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পতেঙ্গায় র্যা ব-৭ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গতকাল তাদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে জানান, গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে আদালতে। কাল সকালে তাদের আদালতে হাজির করা হবে। তিনি জানান, গ্রেপ্তার হওয়া কক্সবাজার পেকুয়া উপজেলার মগনামার মাওলানা আবুল কালাম আজাদের ছেলে ফয়জুল হক, মেয়ে রহিমা আক্তার, আরেক ছেলে আবদুল আজিজ (পলাতক), একই এলাকার জাহেদুল আলম এবং হালিশহর ছোটপুল এলাকার পারভেজ (পলাতক) ও বাগরেহাট মোড়লগঞ্জের কচুবুনিয়া এলাকার আবদুল হাইকে মামলায় আসামি করা হয়েছে।