৬ বখাটের ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা থেকে তিস্তা সড়ক সেতু দেখতে আসা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গত শনিবার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ছয় বখাটে তরুণ-যুবককে বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে ২০০ গজ দূরে একটি বাঁশঝাড়ের নিচে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় সেখানে তাঁরা ওই ছাত্রীকে কান্নারত অবস্থায় ছয় বখাটের সঙ্গে দেখতে পান। এ সময় ওই ছয়জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী পুলিশকে বলে, সে তার দুই বন্ধুর সঙ্গে তিস্তা সড়ক সেতু এলাকায় বেড়াতে এসেছে। ওই ছয়জন তাদের সেখানে দেখে অশালীন অঙ্গভঙ্গি করে ও আপত্তিকর কথাবার্তা বলে। তারা ওই ছাত্রীর হাত ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই ছয়জন তাকে অটোরিকশা ও মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে। তার দুই বন্ধু এসবের প্রতিবাদ করলে আক্রমণকারীরা তাদের চড়-থাপ্পড় মারে ও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসে ওই ছাত্রীকে নিয়ে যায়। পরে ওই ছয়জনকে রাত আটটার দিকে ইউএনও মো. শফিকুল ইসলামের অফিসকক্ষে হাজির করা হয়। এ সময় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের ওই শাস্তি দেওয়া হয়। তাঁদের রাতেই কারাগারে পাঠানো হয়।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, জড়িত ব্যক্তিরা দোষ স্বীকার করায় তাদের বিনাশ্রম ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘ছাত্রছাত্রীরা কোথায় যায়, কী করে সে বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সচেতন সমাজ তৎপর হলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা আমরা এড়াতে পারব।’