৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনার ১০ দিন পর গত বুধবার থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শিশুটি এখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পলাশবাড়ী ইউনিয়নের ওই শিশুটিকে ৬ নভেম্বর তার মা এক আত্মীয়র বাড়িতে রেখে আসেন। ওই আত্মীয় ওই রাতেই শিশুটিকে ধর্ষণ করে। পরদিন সকালে বাড়িতে এসে তার মায়ের কাছে শিশুটি বিষয়টি জানায়।
শিশুটির বাবা বলেন, ওই দিনই তিনি বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে জানান। তাঁরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। গত মঙ্গলবার তাঁরা ২০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরদিন বুধবার সন্ধ্যায় তিনি বাদী হয়ে ওই আত্মীয়কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। ওই দিন রাতেই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির প্রতিবেশীরা বলেন, মামলার বাদী আগেও এ ধরনের মিথ্যা মামলা করে একাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়ে আপস করেছেন।