ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্র থেকে ছয়জন ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন। একই সঙ্গে তাদের সহযোগিতা করার দায়ে তিনজন শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম জানান, চলতি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলার চরভানুডাঙ্গা ঋষিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন এবং ভাটি মেওয়াকোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছিল। প্রবেশপত্রের সঙ্গে এদের নাম ও ছবির মিল না থাকায় চালিতাডাঙ্গা বি এন উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে মো. জুয়েল রানা, মো. শাহাদৎ হোসেন, মো. তাহান বাবু, মোছা. চাঁদনী খাতুন ও স্বর্ণ খাতুন এবং মাইজবাড়ী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে আছিন হাসানকে বহিষ্কার করা হয়েছে। এই অসৎ কাজে জড়িত থাকার অভিযোগে চরভানুডাঙ্গা ঋষিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে ২০ হাজার এবং ভাটিমেওয়াকোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে ২০ হাজার এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী খাতুনকে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ইউএনও বলেন, যারা পরীক্ষায় অংশ নিয়েছিল, তারা বিভিন্ন উচ্চবিদ্যালয়ের ছাত্র। তারা অন্যের হয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে এসেছিল। তাদের ভবিষ্যৎ চিন্তা করে শুধু বহিষ্কার করা হয়েছে, অন্য কোনো সাজা দেওয়া হয়নি।