৬ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে গতকাল সোমবার ভোরে ৬ লাখ ৪০ হাজারটি ইয়াবা বড়ির চালান জব্দ করেছে কোস্টগার্ড। এর আগে গত রোববার রাতে নগরের দুটি এলাকা থেকে মাদক বহনের অভিযোগে সাত নারীকে আটক করে পুলিশ।
কোস্টগার্ড পূর্বাঞ্চল কার্যালয়ে গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীতাকুণ্ডে ইয়াবা উদ্ধারের বিষয়টি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্যে কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম বলেন, কোস্টগার্ডের ধাওয়া খেয়ে পাচারকারীরা সীতাকুণ্ডের ভাটিয়ারী উপকূল এলাকায় ভাসমান মাছ ধরার জালের সঙ্গে ইয়াবাভর্তি চারটি বস্তা বেঁধে রেখে পালিয়ে যান। মিয়ানমার থেকে নৌকায় করে এসব ইয়াবা উপকূলে এনে খালাস করা হচ্ছিল। এর আগে এই উপকূলে ইয়াবার এত বড় চালান আটকের নজির নেই। উদ্ধারকৃত ইয়াবা বড়িগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মুহসীন বলেন, নগরের অক্সিজেন মোড় এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে রুমা বেগম, মুন্নি আক্তার, রহিমা বেগম, সেলিনা আক্তার ও ছেমোনা খাতুন নামের পাঁচজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। স্যালাইনের প্যাকেটে ভরে এসব মদ শরীরের সঙ্গে বেঁধে তাঁরা রাঙামাটি থেকে চট্টগ্রামে নিয়ে আসেন। এ ছাড়া নগরের শান্তিনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ রাবিয়া খাতুন ও আয়েশা খাতুন নামের দুই নারীকে আটক করা হয়। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
ওসি আরও বলেন, ২৫ থেকে ৪৫ বছর বয়সী এই নারীরা মূলত টাকার বিনিময়ে মাদক বহন করেন। তাঁরা মাদক ব্যবসায়ী নন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।