চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘অনুপস্থিত’ ছয় শিক্ষার্থীর খোঁজ মিলেছে। এর মধ্যে তিনজন সশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে যোগাযোগ করেছেন। দুজনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছে আর একজন মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা ও প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অনুপস্থিত থাকা প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রীর বিয়ে হয় গত বছর। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়েন। গত মঙ্গলবার তিনি স্বামীসহ এসে তাঁর বিভাগে ও প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করেন। ফার্মেসি বিভাগের দুজন শিক্ষার্থী গত রোববার বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগ করেন। দর্শন বিভাগের শিক্ষার্থী মালয়েশিয়ায় আছেন। ফলিত পদার্থবিদ্যার একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এবং অন্যজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
এ বিষয়ে মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ছয় শিক্ষার্থী অনুপস্থিত থাকার যে কারণ দেখিয়েছেন তা যাচাই-বাছাই করা হচ্ছে।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার পর অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল পুলিশ। চট্টগ্রামের হাটহাজারী থানা থেকে ওই চিঠি পাঠানো হয়। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরির উদ্যোগ নেয়। সর্বশেষ গত রোববার অনুপস্থিত ছয় শিক্ষার্থীর তালিকা হাটহাজারী থানার পুলিশকে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।