৬টি তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ছয়টি তাজা ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালের দিকে ডিএডি ফারুকুল ইসলামের নেতৃত্বে র‍্যাব-১১ এর একটি দল যাত্রামুড়া এলাকার আল আমিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ছয়টি তাজা ককটেলসহ আল আমিন ও আক্তার হোসেন নামে দুজনকে আটক করা হয়। পরে ওই দুজনকে রূপগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এই ঘটনায় র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বাদী হয়ে বিকেলে ওই দুজনকে আসামি করে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।