৬০ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের চার নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬০ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের চার নাগরিক বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ধরা পড়েছেন। কক্সবাজারের টেকনাফ থেকে মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজিবির ভাষ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল নাফ নদীর ৩ নম্বর স্লুইসগেটে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি নৌকাকে থামানোর সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে নৌকাটিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে নৌকা থেকে ৬০ হাজার ইয়াবা বড়িসহ চারজন পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু শহরের ডেইলপাড়ার রবি আলম, সুলতান জামাল হোসেন, মুজিব উল্লাহ ও মো. রফিক। নৌকাটি জব্দ করা হয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। তিনি জানান, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক। গতকাল বুধবার তাঁদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।