৬০০ ক্যান নকল মবিল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া থানা এলাকায় তিনটি কারখানায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ৬০০ ক্যান নকল মবিল জব্দ করেছে র্যা ব। এসব নকল মবিল বিক্রির দায়ে তিনটি কারখানার দুজনকে ছয় মাস করে কারাদণ্ড ও আরও দুজনকে দেড় লাখ টাকা জরিমানা করেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড পাওয়া দুজনের মধ্যে একজন আইনজীবী বলে জানায় র্যা ব।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চলে। প্রথমে যাত্রাবাড়ীর বিবিরবাগিচায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এরপর গেন্ডারিয়ার দয়াগঞ্জ ও স্বামীবাগে জনতা অটো মোবাইলস ও আজহার অটো ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এই তিনটি প্রতিষ্ঠান থেকে ৬০০ ক্যান নকল ও ভেজাল মবিল উদ্ধার করা হয়।
ম্যাজিস্ট্রেট সারওয়ার বলেন, এসব প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা বিভিন্ন অবৈধ কোম্পানির কাছ থেকে নিম্নমানের খোলা মবিল কেনেন। এরপর ড্রাম ও গ্যালনে ভরে বিভিন্ন দেশের নামীদামি ব্র্যান্ডের নামে তা বাজারজাত করেন। এ ক্ষেত্রে গ্যালনে বা ড্রামের ওপর নামীদামি ব্র্যান্ডের স্টিকারও লাগানো হয়। দীর্ঘদিন ধরে এসব ভেজাল মবিল ব্যবহার করে জনসাধারণ প্রতারণার শিকার হচ্ছেন।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এসব অপরাধে বিসমিল্লাহ ট্রেডার্সের ব্যবস্থাপক তরিকুল ইসলাম ও মালিকের ভাই মতি ব্যাপারীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে এর মালিক মোশারফ হোসেন পলাতক থাকায় তাঁকে সাজা প্রদান কিংবা জরিমানা করা সম্ভব হয়নি। অন্যদিকে জনতা অটো মোবাইলসের মালিক আইনজীবী শাকির হোসেনকে এক লাখ টাকা জরিমানা এবং আজহার অটো ট্রেডার্সের মালিক আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।