৬০০ টাকার জন্য ক্ষুর দিয়ে জখম
মাত্র ৬০০ টাকার জন্য রাজিব হোসেন (২৫) নামে এক তরুণকে ক্ষুরের আঘাতে গুরুতর জখম করেছে বখাটে আরিফুর রহমান। মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন আরিফকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। গত শুক্রবার রাত নয়টার দিকে বরিশাল নগরের কাউনিয়া মনষাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত রাজিব নগরের কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা সিটি করপোরেশনের পাম্প অপারেটর মো. সগির হোসেনের ছেলে। আরিফও একই এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানা-পুলিশ জানায়, রাজিবের কাছে আরিফ ৬০০ টাকা পেত। এ নিয়ে দুজনের মধ্যে আগে থেকে বিরোধ দেখা দেয়। এরপর থেকে রাজিবকে মারার সুযোগ খুঁজতে থাকে আরিফ। শুক্রবার রাত নয়টার দিকে কাউনিয়া এলাকার মনষাবাড়ি সড়ক দিয়ে যাচ্ছিলেন রাজিব। এ সময় আরিফ তাঁর কাছে পাওনা টাকা চায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ পাশে থাকা একটি সেলুন থেকে ক্ষুর এনে রাজিবের ওপর হামলা চালায়। ক্ষুর দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতর আহত করে। রাজিবের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ক্ষুরসহ আরিফকে আটক করে পুলিশে দেন। রাজিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া এলাকার বাসিন্দা আবুল খায়ের বলেন, আরিফকে এলাকার সবাই বখাটে হিসেবে চেনে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বলেন, মাত্র ৬০০ টাকার জন্যই আরিফ ক্ষুর দিয়ে এভাবে জখম করেছে রাজিবকে। আরিফের এলোপাতাড়ি ক্ষুরের আঘাতে রাজিবের গাল, মাথা, পিঠসহ বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এলাকায় আরিফের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এ ব্যাপারে রাজিবের মা খাদিজা বেগম বাদী হয়ে গতকাল শনিবার আরিফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আরিফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।