৬১ কেজি সোনার কথা জানাননি মিষ্টি ব্যবসায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিষ্টি ব্যবসায়ী পরিচিতির আড়ালে তিনি সোনা চোরাচালানে যুক্ত ছিলেন। বিপুল পরিমাণ সোনা ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তারও হয়েছিলেন শুল্ক গোয়েন্দাদের হাতে। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের তদন্তে তাঁর ৪১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে। সেটার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে সংস্থাটি। ওই ব্যক্তির নাম শেখ মোহাম্মদ আলী ওরফে এস কে মোহাম্মদ আলী।
দুদক সূত্র বলছে, মিষ্টি ব্যবসায়ী থেকে হুন্ডি ও স্বর্ণের কারবারি বনে যাওয়া শেখ মোহাম্মদ আলীর বিরুদ্ধে গত বছরের নভেম্বরে রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। পরে তিনিই মামলাটি তদন্ত করেন।

সূত্র জানায়, ২০১৬ সালে মোহাম্মদ আলীর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। নোটিশের ধারাবাহিকতায় মোহাম্মদ আলী ২০১৬ সালের ৩১ জুলাই দুদক সচিব বরাবর সম্পদের হিসাব জমা দেন। ওই বিবরণীতে মোহাম্মদ আলী ৪ কোটি ৮৮ লাখ টাকার স্থাবর ও ২৫ কোটি ৯০ লাখ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৩০ কোটি ৭৮ লাখ টাকা সম্পদের হিসাব দেন।
তদন্তের সময় দেখা গেছে, ওই হিসাব বিবরণীর স্থাবর অংশে শেখ মোহাম্মদ আলী সিলেটের মালঞ্চপাড়ায় শুধু জমি আছে বলে উল্লেখ করেন। কিন্তু ওই জমিতে একটি ছয়তলা ভবন থাকার কথা গোপন করেন। সিলেট গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের পরিমাপে ওই ভবনের নির্মাণ ব্যয় ৯৫ লাখ টাকার বেশি। এটা মোহাম্মদ আলী সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি। এ ছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা জমির তথ্যও গোপন করেছেন।

অস্থাবর সম্পদ বিবরণীতে মোহাম্মদ আলী ৬১ কেজির বেশি সোনা এবং দেশি–বিদেশি মুদ্রায় সাড়ে পাঁচ কোটি টাকার তথ্য গোপন করেছেন। ওই সোনা ও মুদ্রা ২০১৪ সালে শুল্ক গোয়েন্দারা মোহাম্মদ আলীর পল্টনের বাসা থেকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার দাম ৩০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া ৩ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকার বিদেশি মুদ্রা এবং ৫ কোটি ৫৯ লাখ ৯০ হাজার দেশি মুদ্রাও উদ্ধার তালিকায় ছিল।
তদন্ত কর্মকর্তার হিসাব অনুযায়ী, মোহাম্মদ আলী মোট ৩৯ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে গোপন করেছেন। তদন্তে আসামি শেখ মোহাম্মদ আলী ওরফে এস কে মোহাম্মদ আলীর ৭১ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৯৯৮ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৪০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকা।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলার তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রমাণিত হয়েছে বলে দুদক মনে করে। অবৈধ সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রেখে ভিত্তিহীন এবং মিথ্যা তথ্য–সংবলিত সম্পদ বিবরণী দুদকে দাখিল করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন মোহাম্মদ আলী। এ অপরাধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

দুদক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহেই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেবেন মামলার তদন্ত কর্মকর্তা।