৬২০০ লিটার খোলা পাম ও সয়াবিন উদ্ধার
চট্টগ্রামে আরও একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ লিটার খোলা পাম ও সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ রোববার বেলা দুইটার দিকে মাইলের মাথার মেসার্স বিসমিল্লাহ স্টোরে অভিযান চালানো হয়। পরে দোকান থেকে ওই তেল উদ্ধার করে সংস্থাটি।
ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ প্রথম আলোকে জানান, গত ১৪ মার্চ দোকানি মোহাম্মদ আলী ডিলারের কাছ থেকে পুরোনো দরে তেল ক্রয় করেন। তবে তেল সরবরাহ করা হয় ১২ মে। পুরোনো দামে কিনে তিনি বিক্রি করছিলেন নতুন দরে। তাই তাঁকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর পুরোনো দরে এসব তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে সকালে চট্টগ্রামের সল্টগোলা ঈশান মিস্ত্রির হাটের মেসার্স আসআদ প্রতিষ্ঠানের ব্যবসায়ী মো. ইলিয়াছ হোসেনকে তেল মজুতের দায়ে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। গত মার্চে খোলা পাম তেল কিনেছিলেন প্রতি লিটার ১৩০ টাকা দরে। আর খোলা সয়াবিন কেনেন ১৩৬ টাকা লিটারে। ৬ হাজার ৪০০ লিটার তেল এত দিন তিনি বিক্রি করেননি। লুকিয়ে রেখেছিলেন গুদাম, দোকান ও রাস্তার এক পাশে।
আজ রোববার র্যাব-৭ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল উদ্ধার করা হয়।