৬২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ থেকে দায়মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ব্যাংকের ছয়টি শাখায় জামানত ছাড়া ঋণের নামে ৬২১ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ থেকে সবাইকে দায়মুক্তি দেওয়া হয়েছে। সম্প্রতি নথিভুক্তির মাধ্যমে এ অভিযোগ নিষ্পত্তি (অব্যাহতি) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ঋণ জালিয়াতির বিষয়টি উঠে আসায় ২০১২ সালের শেষ দিকে অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক।
অভিযোগ অনুসন্ধানে ২০১২ সালের ৩ নভেম্বর দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের দল গঠন করে দুদক। পরে দলনেতা পরিবর্তন করে উপপরিচালক মো. মফিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
সূত্রটি জানায়, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, ইফাদ এন্টারপ্রাইজ, পদ্মা ফেব্রিকস, মেসার্স পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেড, মেসার্স ফেয়ার ইয়ার্ন প্রসেসিংসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।
কৃষি ব্যাংকের কারওয়ান বাজার করপোরেট শাখা, বনানী করপোরেট শাখা, লোকাল প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম করপোরেট শাখা, আগ্রাবাদ ও কুষ্টিয়া শাখায় পরিদর্শন করে এসব আর্থিক অনিয়ম বের করে বাংলাদেশ ব্যাংক।
ঋণ গ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় দুই বছরের বেশি সময় ধরে অনুসন্ধান চালিয়ে ঋণ জালিয়াতির কোনো তথ্য-প্রমাণ না পাওয়ায় কমিশন এ অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে বলে দুদকের সূত্রটি জানিয়েছে।