৬৩ টাকার খেজুর ১১০ টাকায় বিক্রি, জরিমানা
অতিরিক্ত দামে খেজুর বিক্রি করার দায়ে খুলনা নগরের দৌলতপুর বাজারের দুই দোকানিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার নির্বাহী হাকিম আতিকুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন রেজাউল করিম ও সিটির অন্যান্য প্রতিনিধি। অভিযানে সহায়তা দেয় পুলিশ।
অভিযানে দৌলতপুর বাজারের দুই দোকানদার আবদুল মালেক এবং মো. বাদশাকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, ছদ্মবেশে দুজন ক্রেতাকে দৌলতপুর বাজারে ফলের দোকানে খেজুর কিনতে পাঠালে ওই দুই দোকানদার প্রতি কেজি খেজুর ১০০ টাকা ও ১১০ টাকা করে রাখে। ক্রেতারা পাইকারি দাম ও পাকা রসিদ দেখতে চাইলে দোকানদার রসিদ নেই বলে জানান। পরে অভিযানের সময় তাঁদের জিজ্ঞাসাবাদে জানা যায় ওই খেজুর পাইকারি প্রতি কেজি ৬০ এবং ৬৩ টাকা করে কিনেছেন। সে সময় তাঁরা পাকা রসিদও দেখান। তিনি জানান, গত সপ্তাহে সিটি মেয়রের নেতৃত্বে একটি টিম ওই বাজার পরিদর্শন করার সময় একই দোকানিকে অতিরিক্ত দামে খেজুর বিক্রি না করার অনুরোধ করা হয়েছিল।