৬৩ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দর থেকে অপহৃত এক কিশোরীকে ৬৩ দিন পর পুলিশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে। এ ঘটনায় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ১৪ বছরের এই কিশোরীকে অপহরণ করেন একই গ্রামের এক ভ্যানচালক। প্রায় এক মাস পর গত ২৭ জানুয়ারি ওই কিশোরীর বাবা বাদী হয়ে চিরিরবন্দর থানায় অপহরণের মামলা করেন। ওই ভ্যানচালকের স্ত্রী ও তিনজন সন্তান রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুজ্জামান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় ৪ মার্চ রাতে ওই এলাকার মুড়াপাড়া থেকে অপহরণকারীকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়। ডাক্তারি পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য কিশোরীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।